বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি, মানবপাচারের অভিযোগে ফিরলেন অভিযুক্ত শাখাওয়াতও

ডেস্ক রিপোর্ট।।

লিবিয়ার ভয়াবহ বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে বেনগাজির ber Ganfouda detention center থেকে ফিরিয়ে আনা এসব নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বুরাক এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে।

এই ফিরতি যাত্রীদের মধ্যে রয়েছেন মানবপাচার ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শাখাওয়াত হোসেন, যিনি দীর্ঘদিন ধরে লিবিয়ায় অবস্থান করে একটি প্রবাসী বাংলাদেশি চক্র নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক বাংলাদেশিকে আটকে রেখে অর্থ আদায় ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

বিমানবন্দরে অভিযুক্ত শাখাওয়াতের আগমনের খবর পেয়ে সেখানে হাজির হন কয়েকজন ভুক্তভোগী। তারা শাখাওয়াতের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী এনায়েত ভুইয়া বলেন, “আমার কাছ থেকে ১৬ লাখ ৪০ হাজার টাকা নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। দেশে ফিরে এখন আমি কর্মহীন। আমরা আইনি পদক্ষেপ নিয়েছি, প্রশাসনের কাছে অনুরোধ – যেন তাকে অবিলম্বে গ্রেফতার করা হয়।”

আরেক ভুক্তভোগী আশিকুর রহমান সুমনের ভাষায়, “প্রায় ৩২ লাখ টাকা হাতিয়ে নেয় শাখাওয়াত। তার নির্যাতনের চিহ্ন আজও শরীরে বহন করছি।”

জানা গেছে, শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে কিশোরগঞ্জ, শরীয়তপুর ও ঢাকা বিমানবন্দর থানায় পৃথকভাবে মানবপাচার ও নির্যাতনের মামলা হয়েছে। মামলা সংশ্লিষ্টরা বলছেন, ফিরতি ফ্লাইটে শাখাওয়াতের আগমন প্রশাসনের নজরদারিতে রয়েছে এবং তাকে আইনি প্রক্রিয়ায় আনার কাজ শুরু হয়েছে।

লিবিয়ায় দীর্ঘদিন ধরে মানবপাচারের ভয়াবহ চিত্র আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছেও পরিচিত। এই ঘটনার পর নতুন করে লিবিয়া থেকে বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন ও মানবপাচার প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে মানবাধিকারকর্মীরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন