বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি, আর্থিক সহায়তা ও সহমর্মিতা প্রকাশ

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও সহমর্মিতা জানানো হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের উদ্যোগে বিএনপির একটি প্রতিনিধি দল উত্তরার ১০ নম্বর সেক্টরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এ সহায়তা প্রদান করেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এ সময় তিনি বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বিএনপি পরিবার সবসময় মানুষের দুঃখ-দুর্দশার পাশে ছিল, আছে এবং থাকবে। তারেক রহমানের পক্ষ থেকে সামান্য এই সহায়তা যেন ক্ষতিগ্রস্ত পরিবারের মনোবল বাড়াতে সহায়ক হয়, সেই আশাই করছি।”

এই সফরে নিহত শিক্ষার্থীদের পরিবারের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এছাড়াও আহতদের পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধিদলে আরও ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের সদস্য জাহিদুল ইসলাম রনি ও অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতারাও প্রতিনিধি দলে অংশ নেন।

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস এলাকায় একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী। আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বেশ কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন