সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বিসিবি নির্বাচনে জমছে লড়াই, আলোচনায় তামিম-বুলবুল, পেছালেন মাহবুব আনাম

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বড় পরিবর্তনের আভাস মিলেছে। এতদিন ক্লাব পলিটিক্সের কেন্দ্রবিন্দুতে থাকা বিসিবির পরিচালক মাহবুব আনাম হঠাৎ করেই সরে দাঁড়িয়েছেন সভাপতি হওয়ার পরিকল্পনা থেকে।

তার সরে দাঁড়ানোয় আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক—আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। বিভিন্ন সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বুলবুলের নামই সবচেয়ে জোরালোভাবে বিবেচনায় রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী নির্বাচনী ঘোষণা দেননি।

তবে রাজনৈতিক বাস্তবতা ও বোর্ডের নিয়ন্ত্রণ ঘিরে নানা হিসাব-নিকাশের কারণে সাবধানী অবস্থানে রয়েছেন বুলবুল। অন্যদিকে, তামিম ইকবাল সরাসরি কোনো জোটে না গিয়ে নিজের শক্তির ওপর ভর করেই নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

এদিকে, বিসিবির সাবেক সভাপতি ও জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদের নামও সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে। ফলে বিসিবির আসন্ন নির্বাচনে জাতীয় দলের তিন সাবেক অধিনায়কের হাইভোল্টেজ লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

বোর্ড নির্বাচন অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সেটি নির্ভর করছে জাতীয় রাজনৈতিক পরিস্থিতির ওপর। ফলে চূড়ান্ত লড়াইয়ের রূপরেখা নির্ভর করবে পরবর্তী সরকার গঠনের দিকনির্দেশনার ওপরও।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন