বিদেশি পর্যটকদের জন্য নতুন প্রণোদনা ঘোষণা করেছে থাইল্যান্ড সরকার। এবার দেশটিতে ভ্রমণ করতে যাওয়া আন্তর্জাতিক পর্যটকরা বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের সুবিধা পাবেন। এমন উদ্যোগের লক্ষ্য—পর্যটনকে আরও বিস্তৃত করা এবং রাজধানী ব্যাংকক বা ফুকেটের মতো গন্তব্যের বাইরে অন্য অঞ্চলেও পর্যটকদের নিয়ে যাওয়া।
বুধবার (২০ আগস্ট) থাই পর্যটন ও ক্রীড়া মন্ত্রী সরাওং থিয়েনথং এক সংবাদ সম্মেলনে জানান, ‘Buy International, Get Free Domestic Flights’ নামের প্রকল্পটির আওতায় ২০২৫ সালের মধ্যে অন্তত দুই লাখ বিদেশি পর্যটককে থাইল্যান্ড ভ্রমণে উৎসাহিত করা হবে।
এই প্রকল্পে প্রাথমিকভাবে ৭০০ মিলিয়ন বাথ বা প্রায় ২৬০ কোটি টাকা বাজেট চাওয়া হয়েছে, যা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এটি বাস্তবায়ন করবে থাইল্যান্ড ট্যুরিজম অথোরিটি (TAT)।
এই প্রোগ্রামে থাইল্যান্ডের ছয়টি বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স অংশ নেবে:
-
Thai Airways
-
Thai AirAsia
-
Thai Lion Air
-
Thai VietJet
-
Bangkok Airways
-
Nok Air
পর্যটকদের জন্য সরকার একমুখী ফ্লাইটে ১,৭৫০ বাথ এবং যাওয়া-আসার ফ্লাইটে ৩,৫০০ বাথ ভর্তুকি দেবে। প্রতিটি টিকিটের সঙ্গে ২০ কেজি পর্যন্ত লাগেজ বহনও বিনামূল্যে থাকবে।
বিদেশি পর্যটকরা যাঁরা আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে থাইল্যান্ডে ভ্রমণ করবেন, তাঁরা সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ভ্রমণের জন্য এই ফ্রি ফ্লাইট সুবিধা পাবেন। টিকিট বুক করা যাবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের ওয়েবসাইট বা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে।
সরকার আশা করছে, এই প্রণোদনা প্রকল্প থেকে সরাসরি প্রায় ৮.৮১ বিলিয়ন বাথ রাজস্ব আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাব হবে প্রায় ২১.৮ বিলিয়ন বাথ।
২০২৫ সালকে ‘Amazing Thailand Grand Tourism and Sports Year’ ঘোষণা করেছে থাইল্যান্ড সরকার। এরই অংশ হিসেবে এমন পর্যটকবান্ধব উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী সরাওং আরও জানান, অভ্যন্তরীণ পর্যটনের আগের প্রকল্প ‘হাফ প্রাইস থাইল্যান্ড ট্রাভেল’ ব্যাপক সাড়া ফেলেছে। বড় শহরের সব আসন ইতোমধ্যেই বুকড, এখন ছোট শহরগুলোতে আসন পূরণের কাজ চলছে।

