জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। আগামী ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করবেন তিনি। সফরের সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের মালয়েশিয়া চ্যাপ্টার।
সফরকালে তিনি কুয়ালালামপুরসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়, নৈশভোজ ও নানা রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়াও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
সফরের সবচেয়ে উল্লেখযোগ্য আয়োজন হচ্ছে একটি ‘গ্র্যান্ড পাবলিক ইভেন্ট’, যেখানে মালয়েশিয়ায় বসবাসরত অন্তত ৩০০ বাংলাদেশি প্রবাসী অংশ নেবেন। এই সমাবেশে উপস্থিত থাকবেন রাজনৈতিক সংগঠনের নেতা, গণআন্দোলনের কর্মী, শিক্ষার্থী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা।
এনসিপি সূত্র জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য হল প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিবর্তন ও ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নিয়ে মতবিনিময় করা। বিশেষত, জুলাই মাসে ঘটে যাওয়া রাজনৈতিক গণআন্দোলনের পটভূমিতে প্রবাসীদের ভূমিকা ও অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে।
সফর নিয়ে ইতোমধ্যেই প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। আয়োজকদের দাবি, প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে এনসিপি ভবিষ্যতের জন্য একটি বিস্তৃত প্রবাসভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স – মালয়েশিয়া চ্যাপ্টারের এক নেতা জানান, “আমরা বিশ্বাস করি, এই সফর প্রবাসীদের রাষ্ট্রগঠনে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার নতুন দিক উন্মোচন করবে।”

