মিয়ানমারের চলমান মানবাধিকার সংকট ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে টম অ্যান্ড্রুজ ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অগ্রাধিকারে রাখার ক্ষেত্রে আপনার ভূমিকা অনন্য।” তিনি জানান, ড. ইউনূসের সক্রিয় উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে ৩০ সেপ্টেম্বর একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সম্মেলন রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য ও শিক্ষা সেবা প্রদান ব্যাহত হচ্ছে।
তিনি জাতিসংঘ দূতকে বলেন, “এই সংকটের টেকসই সমাধানে অর্থায়ন নিশ্চিত করা জরুরি, এবং জাতিসংঘের উচিত এ বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মনোযোগ বাড়ানো।”
টম অ্যান্ড্রুজ বলেন, “বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে উদারতা দেখিয়েছে, তা বিশ্বে দৃষ্টান্ত। তবে রাখাইনে শান্তিপূর্ণ প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘের প্রচেষ্টা ঘৃণামূলক প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারের যৌথ প্রচেষ্টায় এই সংকটের টেকসই সমাধান সম্ভব এবং এ ক্ষেত্রে বাংলাদেশকে নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখতে হবে।
উল্লেখ্য, টম অ্যান্ড্রুজ ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত স্টেকহোল্ডার সংলাপে অংশগ্রহণ করতে বাংলাদেশ সফরে এসেছেন। এই সংলাপের উদ্বোধন করবেন ড. মুহাম্মদ ইউনূস।

