জাতীয় সংসদ নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির অজুহাতে বিলম্বিত হলে দেশ আরও গভীর সংকটে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “নির্বাচন বিলম্বের অপচেষ্টা গণতন্ত্র নয়, বরং স্বৈরাচারকে প্রশ্রয় দেওয়া হতে পারে। পিআর পদ্ধতির নামে নির্বাচন ঠেকানোর চেষ্টা গণবিরোধী।”
‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে চিকিৎসক পরিষদ ও বিশ্ব মানবাধিকার সংস্থা, বাংলাদেশ।
ডা. জাহিদ আরও বলেন, “বিএনপি-ই দেশে রাজনৈতিক সংস্কারের সূচনা করেছিল। অথচ এখন যারা সংস্কারের কথা বলছে, অতীতে তারাই স্বৈরাচারকে পুনর্বাসন করেছে।”
আলোচনায় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, “সংস্কারের কথা বলে ১২ মাস কাটিয়ে দেওয়া হয়েছে। এখন সময় সিদ্ধান্ত নেওয়ার। আর দেরি না করে অবিলম্বে নির্বাচন দিতে হবে।”

