বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে পুলিশ: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ। একইসঙ্গে ২০১৮ সালের নির্বাচনের সময় পুলিশের ভূমিকা নিয়ে যেসব বিতর্ক উঠেছিল, সেসব ভুলত্রুটি কাটিয়ে উঠতেও সচেষ্ট রয়েছেন তারা।

শুক্রবার রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “২০১৮ সালের নির্বাচনে পুলিশ কিছু জায়গায় কলঙ্কিত হয়েছিল। আমরা সেই কলঙ্ক মোচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবাদিক সমাজের সহযোগিতাও প্রয়োজন।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যাতে সর্বজনগ্রাহ্য ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়, সেটি নিশ্চিত করতে আমরা অগ্রিম পরিকল্পনা গ্রহণ করেছি।”

কমিশনার জানান, “গত বছরের ৫ আগস্টের পর পুলিশের মনোবল অনেকটা ভেঙে পড়েছিল। তবে সম্মিলিতভাবে আমরা সেটি কাটিয়ে উঠেছি।”

ক্রাইম রিপোর্টারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “পুলিশ ও ক্রাইম রিপোর্টারদের কাজ অনেকটাই একসঙ্গে চলে। আমরা সহকর্মী হিসেবে কাজ করি। ডিএমপি সবসময় ক্র্যাবের পাশে আছে এবং থাকবে।”

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ক্র্যাব সদস্যদের সন্তানের হাতে ক্রেস্ট তুলে দেন ডিএমপি কমিশনার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমএম বাদশা। দিনব্যাপী আয়োজনে ছিল কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি, স্বাস্থ্য পরীক্ষা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর গান পরিবেশন করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন