বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় রাজনৈতিক উপদেষ্টারা অনেকক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণে অসহায়, কারণ সবকিছু নিয়ন্ত্রণ করছে আমলাতন্ত্র।
শনিবার (২৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘অর্পণ আলোক সংঘ’ আয়োজিত “সামাজিক সুরক্ষা কতটা সংরক্ষিত” শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমাদের যেসব উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, তারা অনেক ক্ষেত্রেই অসহায়। রাষ্ট্রের সব সিদ্ধান্ত এখন আমলাদের হাতে— এটাই আমাদের বাস্তবতা।”
তিনি বলেন, বর্তমান রাষ্ট্র কাঠামোতে বহুদিনের অনাচার, দুর্নীতি ও নৈরাজ্য এমনভাবে গেঁথে গেছে, যা রাতারাতি পরিবর্তন সম্ভব নয়।
বিএনপি মহাসচিব বলেন, “আমরা এখন রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা বলছি। কিন্তু এটি এমন কোনো বিষয় নয়, যা এক বছরের মধ্যেই সমাধান হবে। দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।”
তিনি আরও বলেন, “গত ৫৩ বছরে আমরা ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের একটি গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি করতে পারিনি। এর ফলে বারবার গণঅভ্যুত্থান বা অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতার পরিবর্তন হয়েছে।”
রাজনীতিকে স্বল্পমেয়াদী বা তাৎক্ষণিক সমাধানের মাধ্যমে পরিচালনা করা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “রাজনীতি মানে বিচ্ছিন্নভাবে কিছু করা নয়। জোড়াতালি দিয়ে এগিয়ে যাওয়া যাবে না। দরকার সুনির্দিষ্ট লক্ষ্য, দলের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক নেতৃত্ব।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “যদি আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় নতুন করে শুরু করি, তাহলে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক একটি সমাজ গঠনের পথে এগিয়ে যাওয়া সম্ভব।”

