২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি, পূর্ণ সময় এবং পূর্ণ নম্বর অনুযায়ী। পরীক্ষাগুলো আগামী বছরের মে-জুন মাসে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
শনিবার (২৩ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয় ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহে। এই শিক্ষার্থীরাই ২০২৬ সালের এই পাবলিক পরীক্ষায় অংশ নেবে।
এনসিটিবি জানিয়েছে, পরীক্ষাগুলো জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী নির্ধারিত পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রে কোনো সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রযোজ্য হবে না। সব বিষয়ের জন্য পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ সময় এবং পূর্ণ নম্বর।
করোনাভাইরাসের প্রভাবের কারণে গত কয়েক বছর ধরে এইচএসসি ও অন্যান্য পাবলিক পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে এবং পরিবর্তিত ফরম্যাটে অনুষ্ঠিত হয়ে এসেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামী বছর থেকে আবারও নিয়মিত পাঠ্যক্রম অনুসরণে পূর্ণাঙ্গ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নির্ধারিত সময়মতো পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ড ও এনসিটিবি। সংশ্লিষ্টদের মতে, সময়মতো পাঠদান ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে।

