জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, বর্তমান সংবিধানের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দলটির ‘গভীর সংশয়’ রয়েছে। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নতুন সংবিধান ও জুলাই সনদের আলোকে গণপরিষদ নির্বাচন ছাড়া সামনে যেকোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এনসিপি অনিশ্চয়তায় রয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন,
“বাংলাদেশের জনগণ একটি নতুন শাসনতান্ত্রিক কাঠামো প্রত্যাশা করে। সেই কাঠামো যদি নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত না হয়, তাহলে সে নির্বাচনে অংশগ্রহণের যৌক্তিকতা থাকে না।”
তিনি দাবি করেন, শুধুমাত্র সংসদ নির্বাচন নয়, গণপরিষদ নির্বাচন আয়োজন করে জাতিকে নতুন সংবিধান উপহার দেওয়াই এখন সময়ের দাবি।
এনসিপির আশঙ্কা, সরকার ফেব্রুয়ারি বা তার আগেই নির্বাচন আয়োজন করতে পারে, তবে সেই নির্বাচন বিদ্যমান সংবিধানের ভিত্তিতে হলে তা আবারও এক ধরনের কর্তৃত্ববাদী শাসনের পথ প্রশস্ত করতে পারে।
আখতার হোসেন বলেন,
“বর্তমান সংবিধানের কাঠামো অপরিবর্তিত রেখে নির্বাচন হলে তা প্রকৃত অর্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ব্যর্থ হবে। এনসিপি চায় একটি ঐকমত্যভিত্তিক নতুন সংবিধান, যা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।”
এনসিপির মতে, অনেক রাজনৈতিক দল শুধু সংসদ নির্বাচন নিয়ে আগ্রহ দেখালেও তারা সংবিধান সংস্কারের অঙ্গীকারকে ভবিষ্যতের সংসদের ওপর ছেড়ে দিচ্ছে, যা বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে।
আখতার হোসেন বলেন,
“আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করে দেশের জনগণকে নতুন সংবিধান উপহার দিন। এই প্রক্রিয়ায় এনসিপি পূর্ণ সমর্থন জানাতে প্রস্তুত।”
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনসহ আরও নেতারা উপস্থিত ছিলেন।

