বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চলে গেলেন প্রবীণ সাংবাদিক ও ‘নয়া দিগন্ত’-এর সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, প্রবীণ সাংবাদিক ও ‘নয়া দিগন্ত’ পত্রিকার সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন (৮৩) আর নেই। শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ছিলেন একাধারে সাংবাদিক, বিশ্লেষক ও শিক্ষানুরাগী। সংবাদপত্র জগতে তার বর্ণাঢ্য ভূমিকা আজীবন প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।

পারিবারিক সূত্র জানিয়েছে, গত ৩০ মে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আলমগীর মহিউদ্দিন। কিছুদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি। তবে গত সপ্তাহে ফের অসুস্থ হয়ে পড়ায় তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, তিনি একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন—বিশেষ করে খনিজ ভারসাম্যহীনতা, প্রস্রাবজনিত সমস্যা, শ্বাসকষ্ট ও রক্তচাপজনিত অসুস্থতা তার শারীরিক অবস্থাকে ক্রমাগত জটিল করে তোলে।

আলমগীর মহিউদ্দিন তার কর্মজীবনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক নয়া দিগন্তের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন। চার বছর আগে স্ত্রীকে হারিয়ে নিঃসঙ্গ জীবন যাপন করছিলেন তিনি।

নাটোরে জন্ম নেওয়া এই সাংবাদিক চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর রাজশাহী কলেজে উচ্চ মাধ্যমিক এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী হিসেবে স্নাতক সম্পন্ন করেন।

তার ছাত্রজীবন ছিল মেধা ও চিন্তাশীলতায় পরিপূর্ণ। সেখান থেকেই সাংবাদিকতা জগতে প্রবেশ করে দেশের নানা পত্রিকায় রেখেছেন সুদীর্ঘ ছাপ।

আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেক সিনিয়র সাংবাদিক ও প্রতিষ্ঠান তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও সম্পাদক পরিষদ পৃথক বার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

তার জানাজা ও দাফনের সময়সূচি পারিবারিকভাবে পরবর্তীতে জানানো হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন