সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালক নির্বাচন ঘিরে ভোট কারচুপির অভিযোগ

ডেস্ক রিপোর্ট।।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি-র পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার মো. মফিজউদ্দিন। তিনি নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বরাবর দেওয়া এক লিখিত অভিযোগে মফিজউদ্দিন দাবি করেন, গত ১৬ আগস্ট অনুষ্ঠিত ২৫তম বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদ নির্বাচনে একাধিক অনিয়ম হয়েছে, যা প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, এজিএমে ভোটগ্রহণের সময়সূচি একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এমনকি ভোট দেওয়ার লিংক পাঠাতে গড়িমসি ও সার্ভারে ধীরগতির কারণে অনেক শেয়ারহোল্ডার নির্ধারিত সময়ে ভোট দিতে পারেননি। কিছু শেয়ারহোল্ডারের পক্ষে জালিয়াতির মাধ্যমে ভোট দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এছাড়াও ভোটগ্রহণ ও গণনার ক্ষেত্রে প্রযোজ্য কোম্পানি আইন, বিএসইসি নির্দেশনা এবং আইডিআরএ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলেও দাবি করেন মফিজউদ্দিন। তার ভাষায়, “সুশৃঙ্খল ও স্বচ্ছ একটি নির্বাচনের বদলে এখানে হয়েছিল পরিকল্পিত কারসাজি।”

মফিজউদ্দিন বলেন, তিনি ও আরও তিন প্রার্থী সম্মিলিতভাবে প্রায় এক কোটি ভোট পেয়েছেন, অথচ ঘোষিত ফলাফলে তা উল্লেখযোগ্যভাবে কম দেখানো হয়েছে। কিছু প্রার্থীর ক্ষেত্রে ২০-২৫ লাখ ভোট পর্যন্ত ‘অদৃশ্য’ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, “আমরা ফলাফল বাতিল চাই না, বরং কমিশনের তত্ত্বাবধানে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুনরায় ভোট গণনার দাবি জানাচ্ছি।”

বিষয়টি নিয়ে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি-র কোনো শীর্ষ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, বিষয়টি বিএসইসিতে আনুষ্ঠানিকভাবে ওঠায় কমিশন তদন্তে যেতে পারে।

তাকাফুলের সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, এমন অভিযোগ কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে, আবার কেউ দাবি করছেন, এ ধরনের প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, যদি এমন অভিযোগ সত্য হয়, তাহলে বিষয়টি পুঁজিবাজারের নিয়মনীতি ভঙ্গের শামিল। একজন বিশ্লেষক বলেন, “শেয়ারহোল্ডারদের ভোটাধিকার প্রতিষ্ঠিত না হলে, পরিচালনা পর্ষদে প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হয় না। এ ধরনের অভিযোগ তদন্তের দাবি রাখে।”

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে উদ্ভূত বিতর্ক প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং শেয়ারহোল্ডারদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিষয়টির স্বচ্ছ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার ওপর নির্ভর করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন