বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে তাঁর মন্তব্যকে দল ‘অমর্যাদাকর’ ও ‘শৃঙ্খলা ভঙ্গের সামিল’ বলে আখ্যা দিয়েছে।
রোববার (২৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক অভ্যন্তরীণ চিঠিতে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। দলটির দপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নোটিশে বলা হয়েছে, “আপনি দলীয় চেতনার পরিপন্থি বক্তব্য দিচ্ছেন। গণঅভ্যুত্থান ও তাতে শহীদ হওয়া নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করে মন্তব্য করে আপনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ ধরনের বক্তব্য জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে এবং এটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
দলীয় ভাষ্য অনুযায়ী, জুলাই-আগস্ট আন্দোলনে প্রাণ দিয়েছেন প্রায় দেড় হাজার মানুষ, আহত হয়েছেন কয়েক হাজার। এই আত্মত্যাগ ও ইতিহাসকে অস্বীকার বা খাটো করে দেখা দলের নীতিবিরোধী কাজ বলে উল্লেখ করা হয়েছে নোটিশে।
চিঠিতে ফজলুর রহমানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ফজলুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি এক আলোচনায় অ্যাডভোকেট ফজলুর রহমান ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের’ প্রকৃত ইতিহাস ও শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন, যা বিএনপির বিভিন্ন পর্যায়ে ক্ষোভের জন্ম দেয়। অনেকেই মনে করছেন, এটি ইচ্ছাকৃতভাবে দলের ভেতরে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টির প্রচেষ্টা।

