বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদার হলো চীন

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের প্রযুক্তি খাতের উন্নয়নে আরেকটি বড় পদক্ষেপ নেওয়া হলো চীনের সঙ্গে যৌথভাবে। সেমিকন্ডাক্টর শিল্পে যৌথ গবেষণা, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়েছে চীনের হুবেই প্রদেশের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন।

রবিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং হুবেই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (এইচএসআইএ) মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে (MoU) সই হয়।

চুক্তিতে বিএসআইএর সভাপতি এম এ জব্বার ও এইচএসআইএর সহ-সভাপতি প্রফেসর ওয়েই লিউ নিজ নিজ সংগঠনের পক্ষে সই করেন।

চুক্তির আওতায় থাকছে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা ও উন্নয়ন প্রকল্প, প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রাম, বাণিজ্য মেলা এবং প্রতিনিধি দলের সফর, দুই দেশের সেমিকন্ডাক্টর কোম্পানির মধ্যে বিনিয়োগ সহযোগিতা এবং একাডেমিক বিনিময় কর্মসূচি।

এইচএসআইএর সহ-সভাপতি প্রফেসর লিউ বলেন, “উহান শহরকে বলা হয় চীনের ‘অপটিক্যাল ভ্যালি’। এখানকার প্রযুক্তি খাতের অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশকে ভবিষ্যতে প্রযুক্তি উৎপাদন ও রফতানির হাবে পরিণত করতে সাহায্য করবে।”

তিনি আরও জানান, চীনের প্রায় ৫০০ সেমিকন্ডাক্টর কোম্পানির মধ্যে কিছু প্রতিষ্ঠান শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশের সম্ভাবনা প্রসঙ্গে বিএসআইএ সভাপতি এম এ জব্বার বলেন:
“এই সমঝোতা শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং এটি আমাদের জন্য ভবিষ্যতের ‘চিপ ইকোনমি’ গড়ে তোলার ভিত্তি তৈরি করবে। সেমিকন্ডাক্টর খাতে আমাদের সক্ষমতা বাড়িয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতায় জায়গা করে নিতে সাহায্য করবে।”

বুয়েট ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ, বিএসআইএ’র সিনিয়র অ্যাডভাইজার এনায়েতুর রহমান, পরিচালক কামরুল আহসান দেওয়ানজি, আলিয়া শফকাত ও আশিকুর রহমান তানিমসহ সংশ্লিষ্ট খাতের শীর্ষ প্রতিনিধিরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন