রাজনীতিতে মতবিরোধ থাকলেও নারীর প্রতি অপমান বা স্লাটশেমিং বরদাশত করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেন।
হাসনাত বলেন, “একজন নারী রাজনীতিবিদের ব্যক্তিগত জীবন, পোশাক কিংবা সম্পর্ক টেনে এনে নোংরা ভাষায় আক্রমণ করা রাজনৈতিক মতপার্থক্যের ভাষা হতে পারে না। এটি হলো নিখাদ পুরুষতান্ত্রিক ঘৃণার বহিঃপ্রকাশ।”
তিনি আরও যোগ করেন, “আমার রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও, রুমিন ফারহানা কিংবা যেকোনো নারীর প্রতি এ ধরনের স্লাটশেমিংয়ের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ আরও অভিযোগ করেন, “এই ঘৃণা অনেক সময় আসে প্রগতিশীলতার মুখোশ পরা লোকদের হাত থেকে। যারা একদিকে নারীর অধিকারের কথা বলেন, অন্যদিকে কোনো নারী রাজনৈতিক মতের বাইরে গেলেই তার চরিত্রে আঘাত করেন।”
তিনি আরও বলেন, “এই সমাজে রুমিন ফারহানা, তাসনিম জারা, তাজনুভা কিংবা সামান্থাদের মতো নারীরা বারবার একই ঘৃণার শিকার হচ্ছেন। এটাই প্রমাণ করে—রাজনৈতিক সংস্কৃতিতে কতটা পচন ধরেছে।”
হাসনাতের ভাষ্য, “কোনো দল বা মতের পক্ষে থাকলে স্লাটশেমিং হালকা করে দেখা হয়, আর বিপক্ষে থাকলে উৎসাহ দেওয়া হয়। এ ধরনের দ্বিচারিতা শুধু রাজনীতিকে কুরুচিপূর্ণ করে না, বরং সমাজে নারীবিদ্বেষকে স্বাভাবিক করে তোলে।”
পোস্টের শেষে তিনি লেখেন, “আমি নিজে শ্রেণীঘৃণার শিকার হয়েছি, তবুও স্পষ্টভাবে বলছি—রুমিন ফারহানাসহ যেকোনো নারীর প্রতি ঘৃণামূলক আক্রমণের বিরুদ্ধে আমার অবস্থান অটল থাকবে। এটি শুধু নৈতিক অবস্থান নয়, একটি রাজনৈতিক লড়াইও বটে।”

