রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নিরাপত্তার কঠোর ব্যবস্থায় আজ থেকে শুরু হলো ঢাবি ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা আজ (২৬ আগস্ট) থেকে শুরু হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিশেষ প্রস্তুতির মধ্যে দিয়ে তিন স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এই ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীও মোতায়েন থাকবে।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নির্বাচনী প্রচারণার উদ্বোধনী সভায় প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের গণতন্ত্রের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই নির্বাচনেও আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি নতুন ইতিহাস সৃষ্টি করব।”

নির্বাচন কমিশনের তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা প্রকাশ করে তিনি জানান—

  • প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টোরিয়াল টিম এবং ডিএনসিসির ২০০ সদস্য দায়িত্ব পালন করবেন।

  • দ্বিতীয় স্তরে থাকবে পুলিশ সদস্যদের মোতায়েন।

  • তৃতীয় স্তরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী, যারা জরুরি প্রয়োজনে মাত্র পাঁচ মিনিটে যেকোনো ভোটকেন্দ্রে পৌঁছাতে সক্ষম হবেন এবং ভোটের ফলাফল ঘোষণার সময় পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেন, “নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়ে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হবে।” এছাড়াও, নির্বাচনের সাত দিন আগে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বহিরাগতদের প্রবেশ বন্ধ থাকবে এবং ৮ ও ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

প্রার্থীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে রিটার্নিং অফিসার জানান, “নির্বাচনী প্রচারণায় যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয়। মুক্তিযুদ্ধ, জাতির পিতা ও দেশের সার্বভৌমত্ব নিয়ে অবমাননাকর কোনো বক্তব্য সহ্য করা হবে না। লিঙ্গ, ধর্ম, জাতিগোষ্ঠী বা অন্য কোনো পরিচয়ের ওপর আঘাত হানলে প্রার্থিতা, ছাত্রত্ব এবং আবাসিক অধিকারও বাতিল করা হবে।”

তিনি আরও বলেন, “অনলাইনে বিদ্বেষমূলক মন্তব্য বা হয়রানির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ড. জসীম উদ্দিন আশা প্রকাশ করেন, “৪০ হাজার শিক্ষার্থীর সচেতন অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন হবে সফল এবং এটি শুধু ঢাবির নয়, দেশের গণতান্ত্রিক সংস্কৃতির জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন