বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নিউইয়র্ক কনস্যুলেটে হামলা চেষ্টার প্রতিবাদে এনসিপির বিবৃতি

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিসে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার অভিযোগে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এনসিপির পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি কনস্যুলেটে আয়োজিত একটি অনুষ্ঠানে হামলার মাধ্যমে “রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সরাসরি সহিংস আক্রমণ চালানো হয়েছে।” তারা এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে দায়ী করে।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, অনুষ্ঠানটি ছিল ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত, যেখানে উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন। এ সময় তার ওপর হামলার চেষ্টা এবং কনস্যুলেট ভবনের ভাঙচুরের ঘটনাকে ‘সাংগঠনিক সহিংসতা’ বলে অভিহিত করে এনসিপি।

এ ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে এনসিপি যুক্তরাষ্ট্র সরকারকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার অনুরোধ জানিয়েছে। দলটি আওয়ামী লীগকে একটি সহিংস রাজনৈতিক সংগঠন হিসেবে উল্লেখ করে তাদের কার্যক্রম আন্তর্জাতিকভাবে নজরদারির আওতায় আনারও দাবি জানায়।

এনসিপির পক্ষ থেকে আরও বলা হয়, “ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।”

এছাড়া তারা অভিযোগ করে, “টকশো, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর ও জুলাইয়ের ঘটনাগুলোকে স্বাভাবিকীকরণের অপচেষ্টা চলছে, যা বৃহত্তর একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।”

প্রসঙ্গত, ‘জুলাই অভ্যুত্থান’ নামে পরিচিত সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনার ব্যাপারে এখনো আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন