জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে এবং এতে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “রমজান শুরুর আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেসব দল নির্বাচনে অংশগ্রহণ না করে নানা অজুহাত দেবে, তারা ভবিষ্যতের রাজনীতি থেকে নিজে থেকেই মাইনাস হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “কোনো দল নির্বাচনে না আসা তাদের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত হলেও, গণতান্ত্রিক ধারায় টিকে থাকতে হলে নির্বাচনের বিকল্প নেই।”
ফ্যাসিবাদবিরোধী ঐক্যের বিষয়ে তিনি বলেন, “আমরা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীল গণতন্ত্র প্রত্যাশা করি। এবারের নির্বাচন ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।”
জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “সনদে কিছু অযৌক্তিক প্রস্তাব রয়েছে, যার বিষয়ে আমরা বিকল্প প্রস্তাব দেব। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় গ্রহণযোগ্য নয়।”
অন্তর্বর্তী সরকারের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “এই সরকার সব দলের সম্মতিতেই গঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনর্বহাল ভবিষ্যতে আলোচনার বিষয় হতে পারে।”
জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির আর কোনো জোট হবে না। তবে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং সম্ভাব্য জোট গঠনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিছু ইসলামপন্থি দলের সঙ্গেও আলোচনা চলমান রয়েছে।”

