বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। এই প্রেক্ষাপটে আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
নির্বাচন কমিশনের দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া, কমিশনের প্রস্তুতি ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়াদি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এটি হবে ৫ আগস্টের পর মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে ইসির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। নির্বাচনী হাওয়া গরম হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠককে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।
ট্রেসি অ্যান জ্যাকবসন একজন জ্যেষ্ঠ ফরেন সার্ভিস কর্মকর্তা হিসেবে বর্তমানে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গণতান্ত্রিক নির্বাচন ও অবাধ অংশগ্রহণে গুরুত্বারোপের অংশ হিসেবে এ ধরনের সংলাপ নিয়মিত আয়োজন করা হয়ে থাকে।

