বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

“ফকিন্নির বাচ্চা” মন্তব্য নিয়ে ব্যাখ্যায় রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ঘিরে বিতর্কিত মন্তব্যটি ছিল ব্যক্তির আর্থিক অবস্থা নয়, বরং একটি ‘চিন্তাধারার প্রতীক’।

একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় অংশ নিয়ে রুমিন বলেন, ‘ফকিন্নির বাচ্চা’ কথাটি কাউকে দারিদ্র্যের ইঙ্গিত করে বলা হয়নি বরং নীচু মানসিকতা ও রাজনৈতিক অশালীনতার প্রতিক হিসেবে এই শব্দ প্রয়োগ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, এনসিপির কিছু নেতা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভাষা ব্যবহার করে চলেছেন। বিশেষ করে এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর ও দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্যগুলো রাজনৈতিক পরিবেশকে কলুষিত করছে।

রুমিন বলেন, “রাজনীতিতে মতভেদ থাকবে, বিতর্ক থাকবে। কিন্তু ভাষার দীনতা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। স্লোগানের নামে বস্তির ভাষা ব্যবহার করে কেউ নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে পারে না।”

এর আগে, ২৪ আগস্ট এক রাজনৈতিক সমাবেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে বলেন, “তিনি আসলে বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক”। তার এই মন্তব্যের পরদিন রুমিন তার ভেরিফায়েড ফেসবুক পেজে কড়া জবাব দেন এবং হাসনাতের ছাত্রলীগ সংশ্লিষ্টতার কিছু ছবি ও স্ক্রিনশট প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা। কেউ কেউ এটিকে রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের বহিঃপ্রকাশ বলে মনে করছেন, আবার কেউ রুমিনের ব্যাখ্যাকে সাহসী অবস্থান হিসেবে দেখছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন