বাংলাদেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে যথাযথ গবেষণা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, “নজরুল গবেষণা ইনস্টিটিউট আছে ঠিকই, কিন্তু সত্যিকারের গবেষণা আমার দৃষ্টিতে হচ্ছে না। নজরুল সব যুগেই উপেক্ষিত থেকেছেন—ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এমনকি স্বাধীন বাংলাদেশেও। অথচ তিনি আমাদের জাতীয় কবি।”
বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নজরুলের কবর জিয়ারত প্রসঙ্গে দুদু বলেন, “অনেকে কবরে ফুল দিয়েছেন, সম্মান জানিয়েছেন। আমি মনে করি, ড. ইউনূসেরও সেখানে গিয়ে শ্রদ্ধা জানানো উচিত ছিল। এতে রাষ্ট্রীয় সম্মান আরও উপযুক্তভাবে প্রকাশ পেত।”
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু কবি নন—তিনি নাট্যকার, গীতিকার, সুরকার, গায়ক, সৈনিক, সাংবাদিক, রাজনীতিক, এমনকি কৃষাণ পার্টির নেতা ছিলেন। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি স্পর্শ রাখেননি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষের চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি যিনি মেলে, তিনি কাজী নজরুল ইসলাম। তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও খেটে খাওয়া মানুষের পক্ষে ছিলেন—যেটা বিএনপির রাজনীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।”
শামসুজ্জামান দুদু আরও বলেন, “জাতীয় কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী ঘরে ঘরে পালন করা উচিত। এ আয়োজন যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং সারাদেশে রাষ্ট্রীয়ভাবে তা উদযাপন হওয়া দরকার।”

