সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

আমাকে অনেকে ধর্মের কারণে টার্গেট করে: শামি

ডেস্ক রিপোর্ট।।

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা, আবেগ আর সামাজিক মাধ্যমভিত্তিক ট্রল। এই চাপের ভেতর দিয়েই খেলতে হয় দুই দলের খেলোয়াড়দের। এমনই এক অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে শামি জানান, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর তিনি সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্যের শিকার হন।

“আমি তো মেশিন নই। ভালো দিন যেমন থাকবে, খারাপ দিনও আসবে,”—বলেছেন ৩৪ বছর বয়সী এই পেসার।

শামি আরও বলেন, “আমাকে অনেকে ধর্মের কারণে টার্গেট করে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর সবচেয়ে বেশি নেতিবাচকতা আসে। কিন্তু এসব নিয়ে আমি কখনো মাথা ঘামাই না। আমার একমাত্র ফোকাস থাকে দেশের হয়ে উইকেট নেওয়া।”

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা বরাবরই থাকে। এই বিষয়ে শামি বলেন, “পাকিস্তানের সঙ্গে খেলার আলাদা উত্তাপ আছে। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে সব ম্যাচেই পারফরম্যান্স দেওয়াই মূল বিষয়।”

তিনি জানান, পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে মাঠে স্লেজিংয়ের মতো ঘটনা কখনো ঘটেনি। বরং একটি টেস্ট ম্যাচে কেবল সময় নষ্ট করায় তিনি বিরক্ত হয়েছিলেন।

চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে কিছু ভারতীয় সাবেক ক্রিকেটার পাকিস্তানের সঙ্গে না খেলার পরামর্শ দিলেও, শামি এ বিষয়ে বিতর্কে জড়াতে রাজি নন।

“আমি বিতর্কের বাইরে থাকতে চাই। সরকার এবং বোর্ড যেটা ঠিক মনে করবে, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত,”—জানান তিনি।

শামি বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন এবং আসন্ন এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা পাননি। তবে তিনি জানান, ফিটনেস ও পারফরম্যান্স ধরে রাখতে নিয়মিত কঠোর পরিশ্রম করছেন। নির্বাচকেরা তরুণদের সুযোগ দিলেও অভিজ্ঞ পেসার বিশ্বাস রাখেন নিজের সামর্থ্যে।

“আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যৎ কী হবে তা সময়ই বলবে,”—বলেন শামি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন