বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দাবি আদায়ে বিভাগীয় পর্যায়ে প্রকৌশলী সমাবেশ’র ঘোষণা শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট।।

দেশজুড়ে প্রকৌশল শিক্ষার্থীদের চলমান আন্দোলন নতুন মোড় নিয়েছে। তিন দফা দাবিতে এবার বিভাগীয় পর্যায়ে সমাবেশ ও জাতীয় প্রকৌশলী সমাবেশ আয়োজনের ঘোষণা এসেছে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। কর্মসূচিতে বক্তারা জানান, দাবি আদায়ে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কলেজ ও ইনস্টিটিউটে পূর্ণাঙ্গ শাটডাউনের সিদ্ধান্ত বহাল থাকবে।

তিন দফা দাবি কী:

১. নবম গ্রেডে নিয়োগ: সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ নিশ্চিত করতে হবে এবং প্রার্থীদের নিয়োগ পরীক্ষার মাধ্যমে নির্বাচন করতে হবে।

  1. দশম গ্রেডে আবেদনসীমা প্রসারিত: বর্তমানে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে আবেদন করতে পারেন। এই সীমাবদ্ধতা দূর করে উচ্চ ডিগ্রিধারীদের (যেমন বিএসসি ইঞ্জিনিয়ার) আবেদন করার সুযোগ দিতে হবে।

  2. ‘প্রকৌশলী’ উপাধির সংরক্ষণ: শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাই যেন ‘প্রকৌশলী’ বা ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহারের বৈধতা পান— এই বিষয়টি আইন বা নীতিমালায় সুনির্দিষ্ট করতে হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ আন্দোলনের পরও শিক্ষার্থীদের বিরুদ্ধে লাঠিচার্জ, হামলা এবং ‘মব’ হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, “ডিএমপি কমিশনার দুঃখ প্রকাশ করলেও কোনো তদন্ত কমিটি হয়নি, কেউ শাস্তির মুখে পড়েনি— যা গভীর উদ্বেগের।”

বক্তারা বলেন, চলমান সংকট নিরসনে গঠিত উপদেষ্টা কমিটি ‘গঠনমূলক কিছু না’ করে কেবল সময়ক্ষেপণ করছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, “কমিটির গঠন শিক্ষার্থীদের মনঃপুত নয়, এতে আমাদের প্রতিনিধিত্ব নেই। প্রকৌশল পেশার ভবিষ্যৎ নিয়ে যারা বিব্রত নন, তাদের দিয়ে সমাধান সম্ভব নয়।”

শিক্ষার্থীরা জানান, তারা জনদুর্ভোগ না বাড়িয়ে পরবর্তী কর্মসূচি গ্রহণ করছেন। বিভাগীয় শহরগুলোতে সমাবেশ আয়োজনের পাশাপাশি ঢাকায় ‘জাতীয় প্রকৌশলী সমাবেশ’ করার ঘোষণা দেন তারা। প্রয়োজনে এসব কর্মসূচি আরও বিস্তৃত হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনকারীরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন