বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতাদের ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি জানিয়েছে, এনসিপির দুই শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তবে পলিটেকনিক শিক্ষার্থীসহ ডিপ্লোমা প্রকৌশলী সমাজ এনসিপিকে ‘সম্পূর্ণভাবে বর্জন’ করবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সংগঠনের অভিযোগ, সারজিস আলম ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এ সমর্থন জানাতে গিয়ে আন্দোলনকে ‘কোটা সুবিধাভোগী’ বলে অভিহিত করেন। অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহ দাবিগুলো ‘ন্যায়সঙ্গত’ বললেও বক্তব্যে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেন বলে দাবি আন্দোলনকারীদের।

কারিগরি ছাত্র আন্দোলন বিবৃতিতে বলেছে, “ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ কোনো কোটার অংশ নয়। এটি একটি নির্ধারিত পদ, যা ১৯৭৮ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ ও ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপন অনুযায়ী স্বীকৃত। বিষয়টিকে ‘কোটা’ হিসেবে উপস্থাপন করাটা চরম দায়িত্বহীনতা।”

বিবৃতিতে বলা হয়, “আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, আগামী কয়েক ঘণ্টার মধ্যে যদি হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল ও কলেজ, ডিপ্লোমা প্রকৌশলীর পরিবারসহ সংশ্লিষ্ট সব মহলে এনসিপিকে বর্জনের ডাক দেওয়া হবে।”

ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি— নবম গ্রেডে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ, দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যোগ্যতা পুনর্বহাল এবং ‘প্রকৌশলী’ টাইটেল ব্যবহারের ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা নির্ধারণ— ইতিমধ্যে শিক্ষার্থী ও প্রকৌশল পেশাজীবীদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে একাধিক বিক্ষোভ হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন