বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

নুরের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড, ভেঙে গেছে চোয়ালের হাড়

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, নুরের চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এছাড়া চোখেও রক্তজমাটের চিহ্ন রয়েছে। তার অবস্থার উন্নয়ন পর্যবেক্ষণে নিউরো সার্জারি, ইএনটি, আইসিইউসহ বিভিন্ন বিভাগের সিনিয়র চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের জ্ঞান ফিরেছে এবং মাথা ও নাকে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। তবে পরবর্তী ৪৮ ঘণ্টা তার চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। আজ বোর্ড তার বর্তমান অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর, রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে অবস্থা গুরুতর হওয়ায় রাত ১১টার দিকে নুরকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনার পেছনে কারা দায়ী এবং কী কারণে সংঘর্ষের সূত্রপাত — তা নিয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন