সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পরিষদের চেয়ারম্যানের অফিসকক্ষে চেয়ারে বসে এক তরুণীর টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় শুরু হয়েছে নানা বিতর্ক। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে এবং তিনজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, এক তরুণী উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে টিকটক ভিডিও বানাচ্ছেন, যার ব্যাকগ্রাউন্ডে বাজছে একটি জনপ্রিয় গানের অংশ। ‘সীমাকুইন ২২’ নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে পোস্ট করা হয়। ভিডিওটি রাতের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে এবং নিন্দার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে।
এ বিষয়ে গোলাপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, “এ ধরনের কাজ সরকারি অফিসের মর্যাদার পরিপন্থী। ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্তে কারো গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, “ঘটনার অনুসন্ধানে উপজেলা প্রকৌশলীকে প্রধান করে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট তিনজন কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্যা জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ভিডিওতে দেখা যাওয়া তরুণী বা তার সঙ্গীর বিরুদ্ধে এখনো কোনো ফৌজদারি মামলা দায়ের হয়নি বলেও নিশ্চিত করেছে পুলিশ।

