সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

চীন-ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, বাড়তে পারে বাংলাদেশের রপ্তানি আয়

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রের চীন ও ভারতের ওপর আরোপিত পারস্পরিক শুল্ক নীতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ২ বিলিয়ন ডলারের বেশি বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে ‘ম্যাক্রোইকোনমিক চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতা উপলক্ষে।

ড. জাহিদ হোসেন বলেন, “চীন ও ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশের জন্য তৈরি পোশাক ও হালকা শিল্প পণ্যের বাজার প্রসারিত হতে পারে। এ সুযোগ কাজে লাগাতে হলে দ্রুত নীতিগত প্রস্তুতি ও অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো দরকার।”

যুক্তরাষ্ট্র ভারতের বিভিন্ন রপ্তানি পণ্যে দ্বিগুণ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। বিশেষ করে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করায় ভারতের পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ কর বসানো হয়েছে। বর্তমানে ভারতের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক কার্যকর, যা বিশ্বের অন্যতম উচ্চ হারে শুল্কের উদাহরণ—ব্রাজিল ছাড়া অন্য কোনও দেশের ক্ষেত্রে এমন হয়নি।

এ নিয়ে প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “দেশের কৃষক ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না।” ভারতীয় সরকারের হিসাবে, যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্কনীতির কারণে দেশটির প্রায় ৪ হাজার ৮২০ কোটি ডলারের রপ্তানি ক্ষতির মুখে পড়তে পারে।

ড. জাহিদ হোসেন আরও বলেন, “বাংলাদেশ যদি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে কাঠামোগত সংস্কার ও রপ্তানি বহুমুখীকরণে অগ্রগতি করে, তবে এই আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি আমাদের জন্য আশীর্বাদে পরিণত হতে পারে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন