রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

১১তম গ্রেডসহ তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মহাসমাবেশ

ডেস্ক রিপোর্ট।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করেছেন। শনিবার (৩০ আগস্ট) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে এই মহাসমাবেশ শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক হাজার শিক্ষক এতে অংশ নেন।

সমাবেশে সহকারী শিক্ষকরা তিনটি প্রধান দাবি উপস্থাপন করেন:

  1. সহকারী শিক্ষকদের এন্ট্রি পদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করা।

  2. শতভাগ শিক্ষককে পদোন্নতি প্রদান।

  3. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

এই তিন দফা দাবিতে শিক্ষকেরা এর আগেও ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন। চলতি বছরের মে মাসে বিভিন্ন ধাপে কর্মবিরতি ও আন্দোলনের পর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার আশ্বাসে তারা কর্মস্থলে ফিরে যান। তবে তিন মাস পার হলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা আবারও রাজপথে।

‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ আয়োজিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ। তিনি বলেন, “আজকের সমাবেশ থেকেই আমরা সরকারের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি চাই। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এই শিক্ষক আন্দোলনে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন, যা এ দাবিকে রাজনৈতিক প্রেক্ষাপটেও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

অন্যদিকে, আরেক শিক্ষক সংগঠন ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’ও চার দফা দাবি নিয়ে গত ১৮ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে। তারা সরকারকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়ে ঘোষণা দিয়েছে—সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ৩০ সেপ্টেম্বর থেকে সারাদেশে অনশন কর্মসূচি শুরু হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অনুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পৌনে চার লাখ শিক্ষক কর্মরত। প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেড থাকলেও সহকারী শিক্ষকরা এখনও ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন