আগামীকাল রোববার বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সরকার কোনো ষড়যন্ত্রকে নির্বাচন পেছাতে অনুমতি দেবে না এবং আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আগামীকাল (রোববার) বিএনপি, জামায়াত এবং এনসিপি নেতাদের সঙ্গে নির্বাচন ও অন্যান্য সমসাময়িক বিষয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার বদ্ধপরিকর।”
এছাড়া, সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার বিষয়টি নিয়ে কথা বলেন শফিকুল আলম। তিনি বলেন, নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য প্রয়োজন হলে তাকে বিদেশে পাঠানো হবে।
এ সময় তিনি আরও বলেন, “গতকালের সহিংসতার ঘটনায় জাতীয় পার্টির কোনও ভূমিকা ছিল কিনা তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।”
নুরুল হক নূরের ওপর হামলার বিষয়ে প্রধান উপদেষ্টা সমবেদনা জানিয়ে বলেন, তিনি বিচার বিভাগের মাধ্যমে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

