সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

কনটেইনার চার্জে বড় ধরনের বৃদ্ধিতে বিপাকে রপ্তানিকারকরা, ফেরত চায় ফ্রেইট ফরওয়ার্ডাররা

ডেস্ক রিপোর্ট।।

রপ্তানি পণ্যের কনটেইনার হ্যান্ডেলিং চার্জ ২০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের ফ্রেইট ফরওয়ার্ডাররা। তারা বলছেন, এই সিদ্ধান্ত রপ্তানিমুখী শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং দেশের বৈদেশিক মুদ্রা আয়ে বড় ধরনের ধাক্কা লাগবে।

শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা) এই উদ্বেগ প্রকাশ করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য আবরারুর আলম। আরও উপস্থিত ছিলেন আদনান মোহাম্মদ ইকবাল, আবুল হাসান শামসুল হক, মাহফুজ রায়হান ও আনোয়ার হোসেন মিলন।

বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) সম্প্রতি ঘোষণা দিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে কনটেইনার হ্যান্ডেলিংয়ের নতুন চার্জ কার্যকর হবে। তবে এ ঘোষণায় কোনো পূর্ব আলোচনা বা যৌক্তিকতা নেই বলে অভিযোগ করেছেন ফ্রেইট ফরওয়ার্ডাররা।

নতুন হার অনুযায়ী,

  • ২০ ফুট কনটেইনারের চার্জ ৬,১৮৭ টাকা থেকে বাড়িয়ে ৯,৯০০ টাকা,

  • ৪০ ফুট কনটেইনারে ৮,২৫০ টাকা থেকে ১৩,২০০ টাকা,

  • ৪৫ ফুট হাই-কিউব কনটেইনারে ৮,২৫০ টাকা থেকে ১৪,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও ডকুমেন্টেশন, লিফট-অন/লিফট-অফ, গ্রাউন্ড রেন্টসহ অন্যান্য সেবার খরচও বাড়ানো হয়েছে।

আবরারুর আলম বলেন, “বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা তুঙ্গে, সেখানে খরচ বাড়িয়ে রপ্তানিকে ঝুঁকির মুখে ফেলা ঠিক নয়। বরং আধুনিক যন্ত্রপাতি, স্বচ্ছতা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে খরচ কমানো সম্ভব।”

তিনি আরও বলেন, বিজিএমইএ, বিকেএমইএ, ইপিজেডভুক্ত রপ্তানিকারকরাও এই বাড়তি চার্জের বিপক্ষে অবস্থান নিয়েছে।

বাফার নেতারা বলেন, হ্যান্ডেলিং চার্জ বাড়ানো হলে—

  • ছোট ও মাঝারি রপ্তানিকারক প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না,

  • আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশের পরিবর্তে অন্য দেশ থেকে পণ্য কিনতে ঝুঁকবে,

  • জাতীয় রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়বে।

তিন দফা দাবি তুলে ধরে বাফা বলেছে:

১. হ্যান্ডেলিং চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২. সরকারের জরুরি হস্তক্ষেপ চাই।
৩. সেবা ও দক্ষতা উন্নয়ন করে ব্যয় কমানোর পদক্ষেপ নিতে হবে, বাড়ানোর নয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন