পাকিস্তানি ললিউড তারকা হানিয়া আমির আবারও নজর কাড়লেন আন্তর্জাতিক অঙ্গনে। আইএমডিবি প্রকাশিত ২০২৫ সালের বিশ্বসেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান অর্জন করে নিজের জাত চেনালেন তিনি। এতে পাকিস্তানের বিনোদন অঙ্গন যেমন গর্বিত, তেমনি অনুরাগীদের মাঝে শুরু হয়েছে নতুন করে উচ্ছ্বাস।
সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত একটি গ্ল্যামারাস ফটোশুটে ঝড় তুলেছেন হানিয়া। লং, গাঢ় মেরুন গাউনে তার উপস্থিতি ছিল রাজকীয়। কাঁধে প্যাড ডিজাইন, শরীরের সঙ্গে মানানসই ফিটিং ও উজ্জ্বল মেকআপে ভিন্ন এক হানিয়াকে দেখা গেছে সেখানে। হালকা কার্ল করা খোলা চুল ও আত্মবিশ্বাসী পোজে যেন নিজের সৌন্দর্য ও স্টাইল সেন্সের অনন্যতা আবারও প্রমাণ করলেন তিনি।
ছবিগুলো প্রকাশের পরই মুহূর্তে লক্ষাধিক লাইক ও হাজারো মন্তব্যে ভরে যায় পোস্টটি। ভক্তরা তাকে ভালোবাসায় ভাসিয়ে দিয়েছেন, কেউ কেউ তাকে “আন্তর্জাতিক ফ্যাশন আইকন” বলেও আখ্যায়িত করছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই হানিয়া বলিউডে অভিষেক করেছেন ‘সর্দারজি থ্রি’ ছবির মাধ্যমে, যা পাকিস্তান ছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে তার ব্যাপক প্রভাব রয়েছে। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৮০ লাখ।
এই সম্মাননা ও জনপ্রিয়তা প্রমাণ করে, হানিয়া শুধু পাকিস্তান নয়, দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক তারকায় পরিণত হচ্ছেন দ্রুতই।

