বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

সংসদের মাধ্যমেই সংস্কার ও নির্বাচনী সিদ্ধান্ত: বিএনপি মহাসচিব

ডেস্ক রিপোর্ট।।

রাজনৈতিক অঙ্গনে উত্তাপ অব্যাহত থাকলেও বিএনপি স্পষ্ট করেছে, নির্বাচন ও সংবিধান সংশোধন সংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের একমাত্র পথ হলো জাতীয় সংসদ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “যেকোনো আইনগত বা সংবিধান সংশোধনের বিষয় সংসদের মাধ্যমেই হতে হবে। আমরা স্পষ্টভাবে বলেছি, বিদ্যমান সংবিধানের ভিত্তিতেই দেশ চলবে, তবে ত্রুটি থাকলে তা সংশোধনযোগ্য।”

তিনি আরও বলেন, “নতুন সংবিধান তৈরির দাবি কিছু মহল থেকে আসলেও আমরা সেটিকে গ্রহণ করছি না। কারণ, এই সংবিধানের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস জড়িত।”

বিএনপি মহাসচিব আরও জানান, নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে বলেই দলটির বিশ্বাস। অন্যান্য রাজনৈতিক দল বিভিন্ন বক্তব্য দিলেও শেষ পর্যন্ত সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তার প্রত্যাশা।

“নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছে জামায়াতে ইসলামী। অতীত অভিজ্ঞতা বলছে, সব দলই ভোটে অংশ নেবে। আর নির্বাচন পেছালে গণতান্ত্রিক উত্তরণের ধারা ব্যাহত হবে—এটা সবাই বোঝে,” বলেন ফখরুল।

সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে তিনি বলেন, “সংস্কার আমাদের দীর্ঘ আন্দোলনের ফসল। আওয়ামী সরকারের নির্যাতনের বিরুদ্ধে আমরা যেসব দাবি তুলে ধরেছি, সেগুলোতে আপসের সুযোগ নেই।”

তিনি জানান, যেসব সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য রয়েছে, তা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। আর যেগুলোতে ভিন্নমত রয়েছে, সেগুলো সংসদের বিচারাধীন হওয়া উচিত।

নতুন গণপরিষদ গঠনের দাবি প্রসঙ্গে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, “গণপরিষদ বা নতুন সংবিধান রচনার প্রস্তাব বাস্তবতাবিবর্জিত। আমরা একটি কার্যকর ও সময়োপযোগী সংস্কার চাই, কিন্তু সেটি বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভেতর থেকেই হতে হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন