গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং তার গুরুতর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আজ রোববার সকাল ১০টা ৭ মিনিটে রাষ্ট্রপতি সরাসরি ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি বলেন, “এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এর সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
রাষ্ট্রপতির আশ্বাস অনুযায়ী, নুরের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারি পর্যায় থেকে আলোচনা শুরু হয়েছে বলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠনটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
প্রথমে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, “নুরুল হক নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙেছে। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং চোখে রক্ত জমাট বেঁধেছে।”
তার চিকিৎসায় নিউরো সার্জারি, নাক-কান-গলা, আইসিইউসহ একাধিক বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পরবর্তী সিটি স্ক্যানের পর বোঝা যাবে, তার মস্তিষ্কে রক্তক্ষরণের মাত্রা কমেছে কি না।

