বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ঢাকা ও আশপাশের এলাকায় ১৩ মাসে ১,৬০০-র বেশি অবরোধ

ডেস্ক রিপোর্ট।।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বিভিন্ন সংগঠন ১,৬০৪টি সড়ক অবরোধ করেছে— যা জনদুর্ভোগ ও যানজটের প্রধান কারণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, এসব অবরোধ করেছে ১২৩টি সংগঠন। তিনি বলেন, “একটা রাস্তার একটা কোণা ব্লক হলেই পুরো ঢাকা শহর তার প্রভাব অনুভব করে। এভাবে সড়কে আন্দোলন করা মানেই জনগণের ভোগান্তি বাড়ানো।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলনকারী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান, যাতে তারা সড়কের পরিবর্তে নির্ধারিত মাঠ বা উদ্যান—যেমন সোহরাওয়ার্দী উদ্যান—ব্যবহার করে। তার ভাষায়, “দাবি-দাওয়া থাকতেই পারে, প্রতিবাদের অধিকারও আছে, কিন্তু সেটা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে।”

সংগঠনের জন্য আলাদা আন্দোলনের জায়গা নির্ধারণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরাই কেন জায়গা নির্ধারণ করবো? তারা তো আমাদের কাছে অনুমতি নিয়েই আসে না। যদি আসে, তখন দেখা যাবে।”

প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সেই হিসাবে এ পর্যন্ত ১৩ মাসের মধ্যে গড়ে প্রতি তিনদিনেই একটি করে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে— যা আইনশৃঙ্খলা ও নাগরিক জীবনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন