সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

কনটেইনার পরিবহনে প্রবৃদ্ধি, তবুও বিশ্ব র‍্যাংকিংয়ে এক ধাপ পিছালো চট্টগ্রাম বন্দর

ডেস্ক রিপোর্ট।।

বছরে কনটেইনার পরিবহনে প্রবৃদ্ধি অর্জন করেও বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক প্রাচীনতম সংবাদমাধ্যম লয়েডস লিস্ট–এর সদ্য প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

২০২৪ সালের তথ্য বিশ্লেষণ করে তৈরি করা এই তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন ৬৮তম, যেখানে গত বছর ছিল ৬৭তম।

বাংলাদেশের জন্য গর্বের হলেও চিন্তার বিষয় হলো, দেশের সমুদ্রপথে ৯৯ শতাংশ কনটেইনার এই বন্দর দিয়ে পরিবাহিত হলেও, বৈশ্বিক প্রতিযোগিতায় চট্টগ্রাম বন্দর পিছিয়ে পড়ছে।

লয়েডস লিস্ট জানায়, ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবাহিত হয়েছে ৩২ লাখ ৭৫ হাজার টিইইউস (Twenty-foot Equivalent Units) কনটেইনার, যা ২০২৩ সালের তুলনায় ৭.৩৭ শতাংশ বেশি। আগের বছর এই পরিমাণ ছিল ৩০ লাখ ৫০ হাজার টিইইউস।

তবে বিশ্বব্যাপী অন্যান্য বন্দরেও পরিবহন বেড়েছে গড়ে প্রায় ৮ শতাংশ। ফলে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন সত্ত্বেও গড় প্রবৃদ্ধির তুলনায় পিছিয়ে পড়েছে, যার ফলে এক ধাপ নিচে নেমে এসেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বন্দর সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, “লয়েডস লিস্ট আমাদের অফিসিয়ালি কিছু জানায়নি। জানালে আমরা বিষয়টি পর্যালোচনা করে বক্তব্য জানাব।”

লয়েডস লিস্টের তালিকায় এ বছরও শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর, যেখান দিয়ে পরিবাহিত হয়েছে ৫ কোটি ১৫ লাখ কনটেইনার। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর, যেখানে এক বছরে কনটেইনার পরিবহন হয়েছে ৪ কোটি ১১ লাখ।

তালিকার একদম নিচে, ১০০তম স্থানে রয়েছে চিলির সান আন্তোনিও বন্দর, যেখানে কনটেইনার পরিবহন হয়েছে ১৮ লাখ ইউনিট।

বিশ্লেষকরা বলছেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দক্ষতা ও ডিজিটাল ব্যবস্থাপনায় জোর দেওয়া জরুরি। অন্যথায় কনটেইনার পরিবহনে প্রবৃদ্ধি থাকলেও বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে পড়া অব্যাহত থাকবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন