রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় অনুষ্ঠিত বৈঠকের পর জামায়াতে ইসলামী নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ ও দাবি তুলে ধরেন। দলের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধের পক্ষে জামায়াতে ইসলামী।
তিনি বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনি জাতীয় পার্টিকেও এই পদক্ষেপ নেওয়া যেতে পারে। কারণ, জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করছে।”
নুরুল হক নুরের ওপর হওয়া হামলাকে নায়েবে আমির ‘ন্যক্কারজনক ও দুঃখজনক’ উল্লেখ করে বলেন, “এই হামলার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সনাক্ত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।” তিনি জানান, প্রধান উপদেষ্টাকে এই বিষয়েও জানানো হয়েছে।
বৈঠকে ত্রয়োদশ সংসদ নির্বাচন, নির্বাচন প্রক্রিয়া এবং দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে ব্যাপক আলোচনা হয়। জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ।
তারা প্রধান উপদেষ্টার কাছে জনগণের দাবির গুরুত্ব তুলে ধরেন এবং নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

