বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চলে গেলেন মাইজভান্ডার দরবারের গদিনশীন পীর হাবিবুল বশর মাইজভান্ডারি

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক মাইজভান্ডার দরবার শরিফের গদিনশীন পীর ও আধ্যাত্মিক সাধক শাহ সুফি মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারি আর নেই। থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

মাইজভান্ডার দরবারের পক্ষ থেকে তার ইন্তেকালের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

শাহ সুফি হাবিবুল বশর মাইজভান্ডারি ছিলেন মাইজভান্ডার দরবারের প্রতিষ্ঠাতা সাধক শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারির সরাসরি বংশধর ও বর্তমান গদিনশীন পীর। বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সম্মানিত সুফি দরবার মাইজভান্ডারের আধ্যাত্মিক নেতৃত্বে তিনিই ছিলেন প্রধান মুখ।

তিনি স্ত্রী, এক পুত্র এবং তিন কন্যাসহ অসংখ্য আশেক, মুরিদ ও ভক্ত রেখে গেছেন। তাঁর ইন্তেকালে মাইজভান্ডার দরবার শরিফ এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্ত, আশেক ও অনুসারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজ ও দাফনসংক্রান্ত সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মাইজভান্ডার দরবার ও সংশ্লিষ্ট ভক্তমহল মরহুমের রূহের মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন