বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

বিএনপির সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট।।

২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। এরপর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে চলছে নতুন মেরুকরণ, জোট ও সমঝোতার আলোচনা। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) নির্বাচনের গুরুত্ব, সংস্কার ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দিয়েছেন গুরুত্বপূর্ণ মন্তব্য।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি যেন আর না হয়—সেই লক্ষ্যে রাজনৈতিক সংস্কার, নির্বাচন ব্যবস্থার পুনর্গঠন এবং ইনস্টিটিউশনাল জাস্টিস প্রতিষ্ঠা অত্যাবশ্যক। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, অতীতে বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলনের ১০ দফাভিত্তিক একটি সমঝোতা হয়েছিল। উদ্দেশ্য ছিল—ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলা এবং ভবিষ্যতের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনী কাঠামো তৈরি করা। তবে সাম্প্রতিক সময়ে বিএনপির কিছু কর্মকাণ্ড নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

“আমাদের বিরুদ্ধে বিএনপির একটি সমাবেশে যেভাবে অপপ্রচার ও হুমকি এসেছে, তা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য,”—বলেন চরমোনাই পীর।

জামায়াতে ইসলামী নিয়ে জোটের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করলে তিনি সুনির্দিষ্টভাবে জোট নয়, বরং ‘আদর্শিকভাবে সমমনা শক্তিগুলোর ঐক্য’ গড়ার কথা বলেন। তাঁর ভাষায়, “আমরা জাতীয় স্বার্থে সকল ইসলামপন্থী ও গণতন্ত্রকামী শক্তির ঐক্য চাই। কিন্তু সেটা যেন শিষ্টাচার ও রাজনৈতিক শালীনতার ভিত্তিতে হয়।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ চায়, নির্বাচন পদ্ধতিতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) চালু হোক। এতে করে ছোট ও আদর্শভিত্তিক দলগুলোর জন্য ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হবে বলেও মত দেন তিনি।

তাঁর মতে, “জবাবদিহিমূলক বিচারব্যবস্থা এবং রাজনৈতিক সংস্কার ছাড়া আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগোতে পারবে না।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন