সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

নামাজে মশা মারলে কি নামাজ ভেঙে যায়?

ডেস্ক রিপোর্ট।।

নামাজরত অবস্থায় মশা বসলে থাপ্পড় দিয়ে মারলে নামাজ ভেঙে যাবে কি না—এ প্রশ্ন অনেক মুসল্লির মনেই ঘোরাফেরা করে। বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে মসজিদে বা ঘরে নামাজ পড়ার সময় মশার উপদ্রব বেড়ে গেলে বিষয়টি আরও স্পষ্টভাবে জানা প্রয়োজন হয়।

ইসলামি শরিয়তের দৃষ্টিকোণ থেকে, নামাজরত অবস্থায় মশা মারলে নামাজ নষ্ট হয় না। এটি হালকা প্রকারের নড়া-চড়া হিসেবে গণ্য হয় এবং এতে অজু বা নামাজ কোনোটিই ভঙ্গ হয় না।

নামাজরত অবস্থায় মশা মারার পর রক্ত বের হয়ে শরীরে বা পোশাকে লাগলে, অনেকে মনে করেন এতে পোশাক অপবিত্র হয়ে যায়। তবে ইসলামি ব্যাখ্যা অনুযায়ী, মশা, মাছি, ছারপোকা প্রভৃতি ক্ষুদ্র পোকামাকড়ের রক্ত নাপাক নয়। তাই এসব রক্ত কাপড়ে লেগে গেলেও তা নামাজে বাধা সৃষ্টি করে না।

প্রখ্যাত তাবেঈ যেমন—হাসান বসরি (রহ.), আতা ইবনে আবী রাবাহ (রহ.) ও উরওয়া ইবনে যুবাইর (রহ.) প্রমুখ বর্ণনা করেছেন, মশা-মাছির রক্তে কাপড় নাপাক হয় না। (সূত্র: মুসান্নাফ ইবনে আবি শায়বা)

যদিও মশার রক্ত নাপাক নয়, তারপরও শরীর ও কাপড় পরিচ্ছন্ন রাখা ইসলামি আদবের অংশ। তাই যদি মশার রক্ত লেগে যায়, ধুয়ে ফেলা বা কাপড় পরিবর্তন করে নামাজ আদায় করা উত্তম ও মুস্তাহাব।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন