বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছেন মার্কিন দূতাবাসের ট্রেসি অ্যান জ্যাকবসন

ডেস্ক রিপোর্ট।।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আজ সোমবার দুপুর ২টায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। নির্বাচন কমিশন সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ইসির সূত্রে জানা গেছে, ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন জাতীয় নির্বাচন এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ২৮ আগস্ট একই স্থানে এই বৈঠকটি হওয়ার কথা থাকলেও, শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে যান চলাচল ব্যাহত হয় এবং বৈঠকটি শেষ মুহূর্তে বাতিল করা হয়। ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত আন্দোলনের ফলে ওইদিন বিকল্প তারিখ নির্ধারণ করতে বাধ্য হয় উভয় পক্ষ।

৫ আগস্টের পর এটাই প্রথমবারের মতো নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের কোনো উচ্চপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। ফলে এই বৈঠককে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা, নির্বাচন পর্যবেক্ষণ এবং সহায়তা বিষয়েও আলোচনা হতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন