বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সিইসি নাসির উদ্দিন: নির্বাচন নিয়ে কোনো অপবাদ নিতে রাজি নই, সর্বশক্তি দিয়ে লড়বো

ডেস্ক রিপোর্ট।।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের অপবাদ গ্রহণ করতে প্রস্তুত নন তিনি। বরং একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বশক্তি দিয়ে কাজ করে যাচ্ছেন নির্বাচন কমিশন।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। এর আগে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।

সিইসি জানান, নির্বাচন কমিশন একটি “বিশেষ সরকার কাঠামোর” অধীনে ভোট আয়োজন করছে। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের বার্তা দিয়েছিলেন এবং রমজানের আগেই ভোটগ্রহণের কথা জানান। সে অনুযায়ী কমিশন আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করে।

“সময়ের টানাপোড়েন থাকলেও প্রস্তুতির ঘাটতি যেন কেউ বলতে না পারে— সে চেষ্টাই করছি,” বলেন সিইসি।

বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে গুজব, ষড়যন্ত্র তত্ত্ব এবং ৯৫ শতাংশ সরকারি কর্মচারী দিয়ে ভোট আয়োজনের বিষয়ে উদ্বেগ জানানো হয়। জবাবে সিইসি বলেন:

“এই দেশটা গুজবের দেশ। বলেছি— গুজবে কান না দিতে। নির্বাচন কমিশন চাইলে পুরো নির্বাচন বাতিল করতে পারে— এমন ক্ষমতা ফেরত এনেছি।”

সরকারি সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষা, বাজেট ও ব্যবস্থাপনায় সরকারের ভূমিকা থাকতেই হবে বলেও জানান।

“সরকার হস্তক্ষেপ করছে না, বরং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে,” বলেন তিনি।

বৈঠকে কালো টাকার ব্যবহার নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে সিইসি বলেন, “একেবারে বন্ধ করা সম্ভব না, তবে নজরদারি থাকবে। কমিশন এ বিষয়ে কঠোর অবস্থানে আছে।”

নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিইসি। আইটি সাপোর্টের মাধ্যমে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করা হবে। আগে যারা দায়িত্বে থাকতেন, তাঁরাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন।

সিইসি আশাবাদী, রাজনৈতিক দলগুলোর মধ্যে শেষ পর্যন্ত একটি সমঝোতা হবে এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে।

“দেশের স্বার্থে সবাই এগিয়ে আসবে, এমনটাই আশা করছি। আমি এবং কমিশন সর্বশক্তি দিয়ে শেষ পর্যন্ত লড়াই করবো। দেশবাসীকে নিয়েই একটি গ্রহণযোগ্য নির্বাচন করবো,” — বলেন সিইসি নাসির উদ্দিন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন