বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে অশালীন ও কটূক্তিপূর্ণ মন্তব্যের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন জামালপুরের একটি আদালত।
সোমবার (১ সেপ্টেম্বর) জামালপুরের সরিষাবাড়ী আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৩য় আদালত) রোমানা আক্তার এ আদেশ দেন।
অভিযোগে বলা হয়, ২০২১ সালে একটি অনলাইন টক-শোতে অংশ নিয়ে ‘পানসিয়ানা’ নামের ইউটিউব ও ফেসবুক চ্যানেলে ডা. মুরাদ হাসান বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। একই টক-শোতে অংশ নেওয়া উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদ— যিনি চট্টগ্রামের পটিয়া পৌরসভার বাসিন্দা, তাকেও এই মামলায় আসামি করা হয়েছে।
মামলার বাদী সরিষাবাড়ী উপজেলার ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার অভিযোগে দাবি করেন, এই বক্তব্যের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং আর্থিকভাবে ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, “এই ধরনের মিথ্যাচার ও কুরুচিকর ভাষা ব্যবহার জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে।”
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান জানান, মামলাটি দায়ের হয় ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর। এরপর গত ১৯ মে প্রথম শুনানি হয় এবং ২৪ মে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। তবে দীর্ঘ তিন মাসেও আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় অবশেষে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

