বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে মন্তব্য করে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির প্রয়োজনীয়তার কথা বলেছেন রাজনৈতিক নেতা গোলাম মোহাম্মদ পরওয়ার। তিনি বলেন, গণভোটের মাধ্যমেই নির্ধারণ হোক দেশে কোন নির্বাচন পদ্ধতি থাকবে।
জাতীয় প্রেসক্লাবে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত “পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি” শীর্ষক গোলটেবিল বৈঠকে আজ (সোমবার) তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, “আমরা দেখেছি কেয়ারটেকার সরকার পদ্ধতিকে জনগণ যেভাবে গ্রহণ করেছে, ঠিক তেমনভাবেই প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির প্রয়োজনীয়তা মানুষ বুঝবে। এটি একটি সময়োপযোগী ও অংশগ্রহণমূলক ব্যবস্থা।”
তিনি আরও বলেন, “বর্তমান নির্বাচন ব্যবস্থা বড় দলগুলোর জন্য সুবিধাজনক হলেও অধিকাংশ জনগণের মতামত সংসদে প্রতিফলিত হয় না। পিআর পদ্ধতিতে সংসদে প্রকৃত অর্থে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, যোগ্য মানুষ নির্বাচিত হবেন।”
পরওয়ার অভিযোগ করেন, একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। “বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল পিআর পদ্ধতিকে সমর্থন করে,” উল্লেখ করে তিনি বলেন, “গণভোটের মাধ্যমে যদি এটি প্রত্যাখ্যাত হয়, তাহলে আমরা নিজেরাও আমাদের অবস্থান পুনর্বিবেচনা করব।”
তিনি আরও বলেন, “বর্তমান রাষ্ট্র কাঠামোয় যে দলই ক্ষমতায় যাক, তারা স্বৈরাচারী হয়ে উঠছে। তাই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ছাড়া গণতন্ত্রের স্থায়ী ভিত্তি তৈরি সম্ভব নয়।”
সভায় বক্তারা জুলাই সনদকে আইনিভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান এবং গণভোটের মাধ্যমে নির্বাচনী পদ্ধতির ভবিষ্যৎ নির্ধারণের আহ্বান জানান।

