সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

এক সপ্তাহে তিন চালানে এসেছে ৬০ টন, আমদানিতে ভরসা দেখছেন ব্যবসায়ীরা

ডেস্ক রিপোর্ট।।

আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত এক সপ্তাহে তিনটি চালানে মোট ৬০ টন পেঁয়াজ দেশে এসেছে, যা দেশের বাজারে ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সর্বশেষ চালানে একটি ট্রাকে ১৫ টন পেঁয়াজ আমদানি হয়, যা মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে খালাস করা হয়েছে। এর আগে ২৫ আগস্ট প্রথম চালানে ১৫ টন এবং ২৮ আগস্ট দ্বিতীয় চালানে ৩০ টন পেঁয়াজ বেনাপোল বন্দরে আসে।

আমদানিকারক প্রতিষ্ঠান এস এম ওয়েল ট্রেডার্স পেঁয়াজগুলো আমদানি করেছে। পণ্যের গুণগত মান পরীক্ষা শেষে খালাসের অনুমতি দেয় বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট সূত্রে জানা গেছে, প্রতিটন পেঁয়াজের আমদানি মূল্য ধরা হয়েছে ৩০৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭,৪০০ টাকা)। এতে প্রতি কেজির আমদানি খরচ দাঁড়ায় প্রায় ৩৮ টাকা। বর্তমানে এই পেঁয়াজ মানভেদে বাজারে ৫৭ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, “দেশীয় বাজারে অস্থিরতা কমাতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। সিন্ডিকেটের কারণে দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছিল।”

বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, আরও বেশ কিছু চালান আসার প্রক্রিয়ায় রয়েছে। ফলে বাজারে সরবরাহ বাড়লে দাম আরও স্থিতিশীল হবে বলে আশা করা যাচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন