বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা: স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নাদিমুল হক এলেম হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে (৫৫) গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে রাজধানীর গেন্ডারিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত মিঠু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড (সূত্রাপুর থানা) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

২০২৪ সালের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।

এ ঘটনায় নিহতের মা ইসমত আরা বাদী হয়ে সূত্রাপুর থানায় শেখ হাসিনাসহ ৮৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন আরও একটি মামলা করেন। মামলা দুটির তদন্ত করছে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

সিআইডি জানিয়েছে, গ্রেফতার মিঠুকে রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন