বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিবেশে গালাগালি ও বিদ্বেষমূলক আচরণ একটি “সংস্কৃতি”তে পরিণত হয়েছে। রাজনীতিতে অপসংস্কৃতির এই আগ্রাসন দেশের গণতন্ত্র ও সামাজিক নৈতিকতাকে বিপন্ন করছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণতন্ত্র মঞ্চ’ আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
সাইফুল হক বলেন, “নারীদের প্রতি বিদ্বেষ এতটাই বেড়েছে যে, ডাকসুর মতো জায়গায় একজন ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। অথচ প্রশাসন নীরব।”
তিনি অভিযোগ করেন, “রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে না পেরে এখন গালাগাল, কুরুচিপূর্ণ ভাষা ও চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে। এসব অপসংস্কৃতি সরকারের ছত্রছায়াতেই বেড়ে উঠছে।”
বিচারব্যবস্থায় দ্বৈতনীতি এবং মব জাস্টিস প্রসঙ্গে সাইফুল হক বলেন, “কিছুদিন আগে যারা মব জাস্টিসের শিকার হয়েছেন, তাদেরই গ্রেফতার করে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে, কিন্তু নাগরিকদের জন্য ভিন্ন ভিন্ন মানদণ্ড চালু করা — এটা কোনো সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “একজনের জন্য এক বিচার, আরেকজনের জন্য ভিন্ন বিচার — এই দ্বৈতনীতি চলতে থাকলে দেশ জাহান্নামের দিকেই এগোবে।”

