সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

রশিদ-আশরাফের ঝলকে আফগানিস্তানের প্রথম জয়

ডেস্ক রিপোর্ট।।

আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারার পর এবার স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৩৮ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম পয়েন্ট তুলে নিল তারা।

এ ম্যাচে বল হাতে ইতিহাস গড়েছেন রশিদ খান। তার ৩ উইকেট আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁকে এনে দিয়েছে সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট।

টস হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তানের শুরুটা ছিল নিয়ন্ত্রিত। তবে দ্বিতীয় উইকেটে ইব্রাহিম জাদরান (৬৩) ও সেদিকুল্লাহ আটাল (৫৪) গড়েন ৮৪ রানের দুর্দান্ত জুটি। শেষ দুই ওভারে করিম জানাত ও ওমরজাইয়ের ব্যাট থেকে আসে ২২ রান, ফলে নির্ধারিত ২০ ওভারে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ১৮৮/৪।

১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকদের হয়ে একাই লড়াই চালান অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। মাত্র ৩৭ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। কিন্তু তাকে থামিয়ে দেন শরফুদ্দিন আশরাফ।

এরপর রশিদের জাদুকরী স্পেলে ধস নামে আমিরাতের ইনিংসে। মাত্র ৪ বলের ব্যবধানে হারায় ওয়াসিম ও আসিফ খানকে। ইনিংস শেষে আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ১৫০/৮।

রশিদ খান তার ক্যারিয়ারের ৯৮তম টি-টোয়েন্টি ম্যাচে ৩ উইকেট নিয়ে তুলে নেন মোট ১৬৫ উইকেট, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট, ১২৬ ম্যাচে)।

৩ উইকেট শিকার করে রশিদ খান রেকর্ড গড়লেও ম্যাচ সেরার পুরস্কার জেতেন শরফুদ্দিন আশরাফ, যিনি বল হাতে নিয়ন্ত্রণের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে দুটি বড় উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১৮৮/৪ (২০ ওভারে)
– ইব্রাহিম জাদরান ৬৩, সেদিকুল্লাহ আটাল ৫৪
– মোহাম্মদ রোহিদ ২/৩৪

সংযুক্ত আরব আমিরাত: ১৫০/৮ (২০ ওভারে)
– মোহাম্মদ ওয়াসিম ৬৭, রাহুল চোপড়া ৫২*
– রশিদ খান ৩/২১, শরফুদ্দিন আশরাফ ৩/২৪

ফল: আফগানিস্তান জয়ী ৩৮ রানে
ম্যাচ সেরা: শরফুদ্দিন আশরাফ (আফগানিস্তান)

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন