গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা ছিল “স্পষ্ট হত্যাচেষ্টা”, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “যেই করুক না কেন, উদ্দেশ্য ছিল তাকে মেরে ফেলা।”
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, “নুরের অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হলেও এখনো তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন। তার মাথায় ও শরীরের বেশ কয়েকটি জায়গায় মারাত্মক ইনজুরি হয়েছে, বিশেষ করে ব্রেনে ব্লিডিং হয়েছে। এটি নিছক আঘাত না, হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে—এটা খুব স্পষ্ট।”
তিনি আরও জানান, “চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি, হাসপাতালের চিকিৎসা যথাযথভাবে চলছে। তবে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া এখন জরুরি। নুর এখনো নিজে খেতে পারছেন না, তরল খাবার নিতে হচ্ছে পাইপের মাধ্যমে।”
মির্জা ফখরুল প্রশ্ন তোলেন, “যদি অভ্যুত্থানের পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছায়ায় আমাদের নেতাদের ওপর এমন হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” তিনি দ্রুত বিচার বিভাগীয় তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
“আমি সরকারের প্রতি আহ্বান জানাই—অবিলম্বে নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করুন,”—বলেন বিএনপি মহাসচিব।

