সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বিসিবি পরিচালক পদে নির্বাচন করবেন বুলবুল

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট প্রশাসনে স্থায়ীভাবে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন। এবার তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

বুলবুল বলেন, “আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই। এতদিন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছি। তবে এবার সরাসরি নির্বাচন করে বোর্ডে থেকে অবদান রাখতে চাই।”

সিলেট জেলা স্টেডিয়ামের অবকাঠামো ও সুযোগ-সুবিধা পরিদর্শনের সময় বুলবুল তার আগ্রহের কথা জানান। তিনি বলেন, “অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের এখানে সভাপতি পদে সরাসরি নির্বাচন হয় না, পরিচালকদের মধ্য থেকেই সভাপতি হন। তাই আমি পরিচালকের পদে অংশ নিচ্ছি।”

বুলবুল আরও বলেন, “আমি হঠাৎ করে এসে এই দায়িত্ব নিয়েছি। আমার আইসিসিতে স্থায়ী চাকরি ছিল, সেটা ছেড়েছি দেশের জন্য। এখন যদি সুযোগ পাই, স্থায়ীভাবে দেশের ক্রিকেটে কাজ করতে চাই।”


বুলবুলের এই সিদ্ধান্ত ক্রিকেট অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। দেশের ক্রিকেট ইতিহাসে যার বড় ভূমিকা রয়েছে, সেই অভিজ্ঞ ক্রিকেটারের বোর্ডে সরাসরি সম্পৃক্ততা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন